
এবার সরাসরি স্বাস্থ্যসচিবের পদত্যাগ চেয়ে মুখ্যমন্ত্রীকে মেল করেছেন আন্দোলনকারীরা। মঙ্গলবার সরকারের বৈঠকের বাতায় সাড়া দেন নি জুনিয়র ডাক্তাররা।
স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম সহ একাধিক আধিকারিকের ইস্তফার দাবিতে পাল্টা ইমেল করেছেন জুনিয়র ডাক্তাররা। মঙ্গলবার ইমেল করে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের বৈঠকে বসার আহ্বান জানিয়েছিলেন স্বাস্থ্যসচিব। যেভাবে বৈঠকের জন্য ডাকা হয়েছে তা আন্দোলনকেই অসম্মান করা হয়েছে বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। এখনও জট কাটেনি। তবে আন্দোলনকারীরা জানিয়েছেন তাঁরা আলোচনায় বসতে প্রস্তুত। জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি কিঞ্জল নন্দ বলেছেন ইমেলে বলা হয়েছে ১০ জনের প্রতিনিধি দল নিয়ে দেখা করতে। কিন্তু তাঁদের দাবি অন্তত ২৫ জনকে যাওয়ার অনুমতি দিতে হবে। একইসঙ্গে তাঁরা জানিয়েছেন আলোচনায় বসলেই যে অবস্থান তুলে নেওয়া হবে তা নয়। দাবি পূরণের জন্য সরকার কী পদক্ষেপ করেছে তা দেখার পরেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
