
আবারও রেললাইনের ধার থেকে বিজেপি নেতার ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের হীরাগাছিতে।
মৃত সুভাষ কুমার দত্ত-র বাড়ি বৈকুন্ঠপুর ১ নম্বর পঞ্চায়েতের হীরাগাছির ঘোষপাড়ায়। সুভাষ দত্ত বর্ধমান বিজেপির জেলা কমিটির সদস্য ছিলেন। পরিবার সূত্রে খবর মঙ্গলবার রাতে ব্যক্তিগত কাজে বাড়ির থেকে বেরিয়েছিলেন বছর ৪৪-র সুভাষ দত্ত। রাতে হীরাগাছি রেলগেটের কাছে দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। তবে পুলিশের অনুমান ট্রেনের ধাক্কাতেই মৃত্যু হয়েছে সুভাষ দত্ত-র। কিছুদিন আগেই বীরভূমের নলহাটিতে রেললাইনের ধার থেকে বিজেপি নেতার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছিল। ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি চাপানউতোর শুরু হয়।








