
ওড়িশায় মহানদীতে নৌকা ডুবে চারজনের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজ রয়েছেন চার মহিলা এবং তিন শিশু-সহ আরও সাত জন।
পুলিশ সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যায় ঝাড়সুগুড়া জেলার রাঙালির সারদা ঘাট এলাকায় পারাপারের সময় হঠাৎ নৌকাটি ডুবে যায়। সে সময় নৌকায় অন্তত ৫৮ জন যাত্রী ছিলেন। কয়েক জনকে স্থানীয় মৎস্যজীবীরা উদ্ধার করেন। বাকিরা সাঁতরে পাড়ে উঠলেও ডুবে মৃত্যু হয় চার জনের। তাঁদের দেহ উদ্ধার হয়েছে। সাত জন জলের স্রোতে ভেসে গিয়েছেন বলে স্থানীয় সূত্রের খবর। নৌকাডুবির খবর পেয়ে রাতেই দুর্ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। শুরু হয় তল্লাশি অভিযান। শনিবার সকাল থেকেও চলছে সন্ধান। ওড়িশায় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক সোমবার এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং মৃতের পরিবারকে ৪ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা করেছেন।
