ওসি অভিজিৎ নির্দোষ, বলছে কলকাতা পুলিশ

0
159
আর জি করে চিকিৎসককে ধর্ষণ-খুনে সিবিআইয়ের হাতে গ্রেফতার টালা থানার ওসির বাড়িতে গিয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারা। এসিপি সলোমান নিশা কুমার জানিয়েছেন ওসি অভিজিৎ মণ্ডল নির্দোষ, ঘটনার খবর পেয়ে স্পটে পৌঁছে ছিলেন। স্বচ্ছতার সঙ্গে কাজ করেছেন।
শনিবার গ্রেফতারির পর টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল ৩ দিনের সিবিআই হেফাজতে রয়েছেন। এই পরিস্থিতি পুলিশের একটা বড় অংশ প্রশ্ন তুলতে শুরু করেছেন যেখানে ঘটনার পর থেকেই সিপি বিনীত গোয়েল, ডেপুটি কমিশনার নর্থ, পুলিশের সিনিয়র অফিসাররা কেসটা টেকঅফ করেছিলেন। কার্যত পুরো লালবাজার সেখানে ছিল, সেখানে কিভাবে টালা থানার অফিসার ইনচার্জ তদন্তের গাফিলতি, তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার হতে পারেন। বিষয়টি নিয়ে কলকাতার শীর্ষ আধিকারিকদের সঙ্গে রবিবার বৈঠক হয় ফোর্সের একাংশের। বৈঠকে পুরো প্রক্রিয়ায় অসন্তোষ প্রকাশ করে কলকাতা পুলিশের একটা অংশ। তাদের দাবি অভিজিৎ মণ্ডলকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। এরপরেই সোমবার দুপুরে অ্যাডিশনাল সিপি সলোমান নিশা কুমারের নেতৃত্বে ডেপুটি কমিশনার এসএসডি বিদিশা কলিতা এবং ডেপুটি কমিশনার ইস্ট ডিভিশন আরিশ বিলাল সার্ভে পার্কে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা করেছেন। অভিজিৎ মণ্ডলের স্ত্রী সঙ্গীতা মণ্ডলের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিন আইপিএস। তাঁরা জানিয়েছেন যেকোনও পরিস্থিতিতে কলকাতা পুলিশ পরিবারের সঙ্গে রয়েছে ।