
চণ্ডীগড় বিমানবন্দরে সাংসদ-অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে চড় মারায় অভিযুক্ত মহিলা সিআইএসএফ জওয়ানকে গ্রেফতার করা হয়েছে।
অভিযুক্ত জওয়ান কুলবিন্দর কৌরকে বৃহস্পতিবারই সাসপেন্ড করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা।বৃহস্পতিবার দিল্লিগামী বিমান ধরার জন্য চণ্ডীগড় বিমানবন্দরে গিয়েছিলেন মাণ্ডির সাংসদ কঙ্গনা রানাওয়াত। নিরাপত্তা তল্লাশির সময়ে ওই সিআইএসএফ কনস্টেবলের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। অভিযোগ, কঙ্গনা রানাওয়াত নিজের মোবাইল তল্লাশির জন্য নির্দিষ্ট ট্রে-তে রাখতে চাননি। এরপরই মহিলা নিরাপত্তারক্ষী এসে অভিনেত্রীকে সপাটে চড় মারেন বলে অভিযোগ। কুলবিন্দর কৌর নিজে স্বীকারও করেছেন সে কথা। জানিয়েছিলেন, ২০২০ সালে কৃষক আন্দোলন নিয়ে কঙ্গনা রানাওয়াতের পুরনো মন্তব্যের জন্য এই কাণ্ড ঘটিয়েছেন তিনি। এরপর চণ্ডীগড় থেকে বিমান ধরে দিল্লি বিমানবন্দরে নেমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান কঙ্গনা রানাওয়াত। তাঁকে হেনস্থা করা হয়েছে বলে জানান তিনি। এরপরেই অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। ঘটনার পরে একটি ভিডিওবার্তায় কঙ্গনা রানাওয়াত গোটা ঘটনার বিবরণ দিয়েছেন।
