
প্রতিমা বিসর্জনে গঙ্গাদূষণ রুখতে তৎপর পুরসভা মাতমূর্তি জলে পড়তেই তা তুলে নিচ্ছে। এ জন্য গঙ্গারঘাট গুলিতে জেসিবি-ক্যাটারপিলার তৈরি রাখা হয়েছে।
সরানো হয়েছে ফুল-মালা-বেলপাতা থেকে চাঁদমালা সহ পুজোয় ব্যবহৃত বিভিন্ন সামগ্রীও। সিঁদুর খেলার মধ্যে দেবীর বিদায়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর থেকেই বনেদী থেকে বারোয়ারি, একের পর এক প্রতিমা নিরঞ্জনের জন্য গঙ্গায় এসেছে। এক্ষেত্রে গঙ্গার ঘাটে প্রবেশের ক্ষেত্রে রয়েছে কড়াকড়ি রকমের নিয়ম। পুলিশ ও পুরসভা সূত্রে খবর, পুজোর ঘট বিসর্জনের জন্য সর্বোচ্চ তিনজনকে গঙ্গায় নামার অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি, আর্সেনিক ও সীসা যাতে জলের কোনও ক্ষতি করতে না পারে, সেই জন্য প্রতিমা নিরঞ্জনের পরই তা তুলে নেওয়া হয়েছে। গঙ্গার ঘাটে দাঁড়িয়ে প্রতিমা নিরঞ্জন প্রক্রিয়া তদারক করেছেন কলকাতার পুলিশ-প্রশাসন-সহ পুরসভার উচ্চ পদস্থ কর্তারা।
জলপথে নজরদারির জন্য রয়েছে রিভার ট্রাফিক পুলিশ। তৈরি রাখা হয়েছে স্কুবা ডাইভারও।
ছবি সৌজন্যে : নিজস্ব
