
লোকসভা নির্বাচনের পাঁচ মাসের মাথায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে হরিয়ানায়। শনিবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
কড়া নিরাপত্তার মোড়কে হরিয়ানার ৯০টি কেন্দ্রে একদফাতে ২০ হাজার ৬২৯টি বুথে শুরু হয়েছে ভোটগ্রহণ। সব কেন্দ্রে পুলিশের পাশাপাশি আধা সামরিক বাহিনীও নিরাপত্তার দায়িত্বে রয়েছে। ৩০ হাজারের বেশি পুলিশকর্মী এবং ২২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে ভোটের জন্য। প্রতিটি বুথে ওয়েস্ট কাস্টিংয়ে ব্যবস্থা রয়েছে। রাজধানী দিল্লির পড়শি হরিয়ানায় মূল লড়াই শাসকদল বিজেপি এবং কংগ্রেসের মধ্যে। গত এক দশক ধরে এই রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে। এ ছাড়াও হরিয়ানার জাঠ অধু্যষিত এলাকায় প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌটালার আইএনএলডি এবং তাঁর নাতি তথা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌটালার দল জেজেপি। হরিয়ানার নির্বাচনে উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী নবাব সিংহ সাইনি, প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিংহ হুডা, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌটালা, কুস্তিগীর বিনেশ ফোগাট। তাঁর কেন্দ্রের ফলাফলের দিকেও আলাদা করে নজর রয়েছে।








