
তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে তদন্তের কারণে কলকাতার পুলিশ কমিশনার এবং ডিসি সেন্ট্রাল-কে সরাতে নবান্ন এবং কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
এমনটাই জানা গিয়েছে রাজভবন সূত্রে। রাজভবনের সূত্রে খবর, রাজ্যপাল নবান্ন এবং কেন্দ্রীয় সরকারের আইএএস, আইপিএস ক্যাডার নিয়ন্ত্রক কর্তৃপক্ষ তথা ডিপার্টমেন্ট অব পার্সোনেল অ্যান্ড ট্রেনিং বা ডিওপিটি-কে চিঠি লিখেছেন। তাতে বলা হয়েছে, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কে অসাংবিধানিক কাজ করার জন্য তাঁদের পদ থেকে সরানো হয়। ডিওপিটি-র কাছে বোস ওই দু’জন আইপিএস আধিকারিককে কেন্দ্রীয় স্তরে ডেকে পাঠানোর আর্জি জানিয়েছেন বলেও রাজভবন সূত্রের খবর। লালবাজারের তরফে অবশ্য এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি। ২ মে রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনের অস্থায়ী কর্মী এক মহিলা যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন।








