
২৪ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর এসআইআর শুনানি কেন্দ্রে হামলায় অভিযুক্ত তৃণমূল কংগ্রেস বিধায়ক মনিরুল ইসলাম তাঁর বক্তব্য জানিয়েছেন।
জঙ্গিপুরের মহকুমা শাসককে অর্থাৎ এইআরও-কে লেখা এক চিঠিতে মনিরুল বলেছেন, তিনি নির্বাচন কমিশনের প্রতি শ্রদ্ধাশীল, সংবিধান মেনে চলেন। ১৪ জানুয়ারি মুর্শিদাবাদের ফরাক্কায় বিডিও অফিসের সামনে তিনি যা বলেছিলেন তা মত প্রকাশ মাত্র। এসআইআর প্রক্রিয়া ভণ্ডুল করার কোনও উদ্দেশ্যে তাঁর ছিল না। নেতাজি জয়ন্তীতে, সরস্বতী পুজোর দিন এসআইআর-র কাজে ভারপ্রাপ্ত ইআরও-কে পাঠানো এক চিঠিতে মনিরুল বলেছেন, তাঁর বক্তব্য, আদতে এসআইআর নিয়ে সাধারণ মানুষের মতামত। ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার প্রক্রিয়া মানুষের সুবিধার জন্য এবং ভোটাধিকার ঠিকভাবে প্রয়োগ করার জন্য, যা সুপ্রিম কোর্টও বিবেচনা করছে। একইসঙ্গে কার্যত আত্মসমর্পণের ভঙ্গিতে মনিরুল জানিয়ে দিয়েছেন, এর যদি কেউ ভিন্ন অর্থ করে থাকেন তাহলে সেটা তাঁর অনিচ্ছাকৃত। তিনি প্রশাসন এবং নির্বাচন কমিশনের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত এবং সমস্ত আইন সমস্ত নির্দেশ মেনে চলতে প্রস্তুত। ডাকা হলেও শুনানিতে যাননি তিন লক্ষের বেশি নো-ম্যাপিং ভোটার! ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে-এর শুনানিতে তাঁদের নোটিস দিয়েছিল কমিশন।
কমিশন সূত্রে খবর, দিনক্ষণ জানিয়ে প্রায় ৩২ লক্ষ নো-ম্যাপিং ভোটারকে শুনানির নোটিস পাঠানো হয়েছিল। এখন ওই শুনানি প্রায় শেষের মুখে। তাতে দেখা যাচ্ছে, প্রায় ১০ শতাংশ ভোটার শুনানিতে উপস্থিত হননি।



