
কয়লা কেলেঙ্কারির তদন্তে সিবিআইয়ের হাতে গ্রেফতার ইসিএল কর্তা ও এক সিভিল কনট্রাক্টর। বৃহস্পতিবারই কলকাতার নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়েছিল ইসিএলের কাজোড়া এরিয়ার জেনারেল ম্যানেজার নরেশচন্দ্র সাহা এবং সিভিল কন্ট্রাক্টর অশ্বিনীকুমার যাদবের।
রাতেই তাদের গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ভোরে ২ জনকে নিজাম প্যালেস থেকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে তোলা হয়। সিবিআই সূত্রে খবর কয়লাকাণ্ডের অন্যতম অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালার থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে এই ইসিএল কর্তার বিরুদ্ধে। এছাড়াও সিভিল কনট্রাক্টর অবৈধভাবে কয়লা সিন্ডিকেটে সাপ্পলাই দিত বলে অভিযোগ। এদিকে শুক্রবার ভোরে রানিগঞ্জের শিল্পপতি চণ্ডী কেডিয়ার বাড়িতে হানা দিয়েছে ইডি। উত্তরপ্রদেশের একটি বেনিয়মের অভিযোগে এই তল্লাশি বলে ইডি সূত্রে খবর। রানিগঞ্জের শিশুবাগান মোড় এলাকায় এনএসবি রোডে ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে শিল্পপতির বাড়িতে শুক্রবার ভোরে ৪টি গাড়িতে পৌঁছন ইডির আধিকারিকরা। এরপরেই কেন্দ্রীয় বাহিনীর জওযানরা বাড়ি ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করেন ইডি আধিকারিকরা।
