
কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের কোনও সিনেমা থাকছে কিনা সে ব্যাপারে স্পষ্ট করেনি উৎসব কমিটি। কলকাতা বইমেলার পর এবার কলকাতা চলচ্চিত্র উৎসব নিয়ে সাংবাদিক বৈঠকে অন্য দেশের কথা বলা হলেও বাংলাদেশের উল্লেখ ছিল না।
কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ ব্রাত্য কিনা সেই প্রশ্ন অবশ্য মন্ত্রী অরূপ বিশ্বাস, কিংবা ইন্দ্রনীল সেনকে করা সম্ভব হয়নি। তবে এবারের চলচ্চিত্র উৎসব আগের তুলনায় অনেকটাই যে জৌলুসহীন, তাঁর আঁচ মিলেছে শুক্রবারের সাংবাদিক বৈঠকে। প্রতিবারই উদ্বোধনী অনুষ্ঠানের জাঁকজমকের একটা ঝলক থাকে সাংবাদিক বৈঠকে। এবার তেমনটা ছিল না। শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণা করেই বৈঠক শেষ হয়। ছিল না সেলিব্রিটিদের উপস্থিতি। উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, এবছরের চেয়ারম্যান গৌতম ঘোষ, মন্ত্রী বীরবাহ্য হাঁসদা, অভিনেতা অর্জুন চক্রবর্তী, শান্তনু বসু। এবার নেতাজি ইন্ডোরে নয় ধনধান্যে স্টেডিয়ামেই হবে ৩০ তম চলচ্চিত্র উৎসবের উদ্বোধন। ৪ঠা ডিসেম্বর থেকে ১১ই ডিসেম্বর পর্যন্ত চলবে এবারের চলচ্চিত্র উৎসব।
এবারের চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল থিম সংয়ের কনসেপ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লিরিক্স এবং গেয়েছেন নচিকেতা।



