
পাড়ায় হাঁটতে বেরিয়ে পরিচিতর সামনেই কলেজ ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে বাঁকুড়ার বেলিয়াতোড়ে।
এই ঘটনায় মূল অভিযুক্ত সরিফুল মণ্ডলকে গ্রেফতার করছে বেলিয়াতোড় থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে শ্লীলতাহানির নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে অপর দুই দুস্কৃতিকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। অপর দুই অভিযুক্তর ভূমিকা কী ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। অপরদিকে সোমবার রাতে পুলিশকে আটকে রাখা, হেনস্থা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পৃথক একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে বেলিয়াতোড় থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, সোমবার বিকালে এক গৃহবধূর সঙ্গে গ্রাম লাগোয়া রাস্তায় হাঁটতে বেরিয়েছিলেন এক কলেজ ছাত্রী। গ্রাম থেকে বেশ কিছুটা দূরে হাঁটাহাঁটি করার সময় ফাঁকা রাস্তায় আচমকাই একটি বাইকে তিন যুবক তাঁদের রাস্তা আটকে ওই কলেজ ছাত্রীকে শ্লীলতাহানী করে বলে অভিযোগ। ছাত্রীর চিৎকারে স্থানীয় গ্রামবাসীদের তাড়ায় বাইক ফেলে চম্পট দেয় ৩ যুবক। পরে বাইক নিতে এলে অভিযুক্তদের ২ সঙ্গীকে আটকে রাখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে বেলিয়াতোড় থানার পুলিশ গ্রামে গেলে পুলিশকে ঘেরাও করেও দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। বাকি দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতার করে শাস্তি দেওয়ার ব্যবস্থা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ওই গ্রামের মানুষ।
