
কল্যাণী এইমস-র পরিবর্তে জেএনএম হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে জয়নগরের নির্যাতিতা নাবালিকার। রবিবার জয়নগর-কাণ্ডে এসিজেএম-এর উপস্থিতিতে কল্যাণী এইমসে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।
জেএনএম হাসপাতালে উপস্থিত ছিলেন কল্যাণী এইমসের ময়নাতদন্তকারী চিকিৎসকরা। উপস্থিত ছিলেন বারুইপুরের এসিজেএমও। কিন্তু জেএনএম হাসপাতালে ময়নাতদন্ত হলেও সেখানকার কোনও চিকিৎসক কিংবা মর্গের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। সোমবার মোমিনপুরের কাঁটাপুকুর মর্গ থেকে সোমবার সকালেই দেহ নিয়ে গাড়ি রওনা দিয়েছিল কল্যাণীর উদ্দেশে। পৌনে ১০টা নাগাদ সেই গাড়ি কল্যাণীতে পৌঁছেছে। এরপরই জেএনএম হাসপাতাল সম্পন্ন হয়েছে ময়নাতদন্ত। এদিকে জয়নগর এখনও থমথমে রয়েছে। এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। তার মাঝেই ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা চলছে। জয়নগরের মহিষমারি বাজারে সোমবার সকালে অনেক দোকানপাটই খুলে গিয়েছে। তবে রাস্তায় স্বাভাবিকের চেয়ে বেশি সংখ্যক পুলিশ ঘোরাফেরা করছে। দফায় দফায় টহল দিচ্ছে পুলিশের গাড়ি। এলাকায় রয়েছে পুলিশ পিকেট।
