কল্যাণের অনুপস্থিতেও অশান্ত জেপিসি, ওয়াকআউট 

0
216
তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতেও অশান্ত ওয়াকফ (সংশোধনী) বিল সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির বৈঠক। সোমবার বিলের খসড়া নিয়ে প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করেছেন বিরোধী সাংসদেরা।
এই আবহে দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা জেপিসিকে চিঠি লিখে ওয়াকফ বিলে প্রস্তাবিত সংশোধনীকে বাতিল করার দাবি জানিয়েছেন।
জেপিসির তরফে বিলের বিষয়ে দিল্লি সরকারের কাছে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল। তার প্রেক্ষিতে অতিশী মারলেনা বিলটিকে অপ্রয়োজনীয় এবং অন্তঃসারশূন্য বলেছেন। অন্যদিকে, জেপিসি বৈঠকে ওয়াকফ বিলের খসড়া বাতিলের দাবি তুলে ওয়াকআউট করেছেন আপ সাংসদ সঞ্জয় সিং, ডিএমকের মহম্মদ আবদুল্লা, অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন-এর আসাদউদ্দিন ওয়েইসি, কংগ্রেসের নাসির হুসেন এবং মহম্মদ জাভেদ। মঙ্গলবারই জেপিসির বৈঠকে অসংসদীয় আচরণের অভিযোগে সাসপেন্ড করা হয়েছিল তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। তিনি জেপিসির চেয়ারম্যান তথা বিজেপি সাংসদ জগদম্বিকা পালকে লক্ষ্য করে কাচের বোতল ভেঙে ছোড়েন বলে অভিযোগ। ওই ঘটনায় কাচ বিঁধে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাত জখম হয়েছিল। প্রসঙ্গত, বিরোধীদের প্রবল আপত্তি ও হট্টগোলের মধ্যে ৮ অগস্ট লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ করেছিলেন কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী কিরেণ রিজিজু।কিন্তু বিরোধীরা একযোগে তা নিয়ে আপত্তি জানান। দীর্ঘ বিতর্কের শেষে ঐকমত্যের লক্ষ্যে বিলটি যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার।
ছবি  সৌজন্যে : এক্স