
কানাডায় ওয়ালমার্টের আউটলেটের ওয়াক-ইন ওভেনের মধ্যে ভারতীয় তরুণী কর্মীর মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। ওই তরুণী হ্যালিফ্যাক্স শহরের ওয়ালমার্টের স্টোরে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে খবর, ওই তরুণীর নাম গুরসিমরান কৌর। ৩ বছর আগে মায়ের সঙ্গে ব্রিটেন থেকে কানাডা গিয়েছিলেন ওই তরুণী।
ওই স্টোরে গত ২ বছর ধরে মায়ের সঙ্গেই কাজ করতেন গুরসিমরান কৌর। রাত সাড়ে ৯টা নাগাদ মামফোর্ড রোডে অবস্থিত ওয়ালমার্টের আউটলেটে তরুণীর দেহ প্রথম দেখতে পান তাঁর মা।গুরসিমরান কৌরের বাবা এবং ভাই ভারতে থাকেন। ঘটনার পর থেকে বেকারির জন্য তৈরি ওয়াক-ইন ওভেনটি আপাতত বন্ধ করে দিয়েছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে। ঠিক কী কারণে তরুণীর মৃত্যু হল তার আসল কারণ এখনও জানতে পারেনি পুলিশ।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ঘটনার নেপথ্যে সহকর্মীদের হাত থাকতে পারে। তরুণী বেকিংয়ের জন্য ওয়াক-ইন ওভেনের মধ্যে ঢুকলেও তিনি বেরিয়ে আসতে পারেননি। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তাঁর। কিন্তু কীভাবে তিনি সেখানে ঢুকলেন তা নিয়ে উঠছে প্রশ্ন। ওয়াক-ইন ওভেন মূলত বেকিংয়ের কাজে ব্যবহার করা হয়। যেখানে বহু মানুষ একসঙ্গে কাজ করেন।অন্যদিকে ওয়ালমার্টের তরফে তরুণীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলা হয়েছে, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। শীঘ্রই মামলার সুরাহা হবে।
ছবি সৌজন্যে :সংগৃহীত
