
ওয়েটারের চাকরির জন্য কানাডার রেস্তোরাঁয় হাজার হাজার ভারতীয় পড়ুয়ার দীর্ঘ লাইনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি এস নিউজ।
দাবি করা হচ্ছে, ভিডিওটি কানাডার ব্রাম্পটন শহরের। সেখানে একটি রেস্তরাঁর সামনে ওয়েটার ও পরিচারকের কাজের জন্য লাইন দিয়েছেন হাজার তিনেক পড়ুয়ারা। যার মধ্যে অধিংকাংশই ভারতীয় বলে দাবি করা হচ্ছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে সাধারণ মানুষের মনে। কেউ প্রশ্ন তুলছেন, তা হলে কি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমলে সে দেশের কর্মসংস্থানের হাল এতটাই খারাপ। বড় বড় চাকরির স্বপ্ন নিয়ে কানাডায় পড়তে যাওয়া ভারতীয় প়ড়ুয়াদের কেন একটি নতুন খোলা রেস্তরাঁর বাইরে এ ভাবে লাইন দিতে হচ্ছে।কারও কারও মতে, যখন বিশ্বের একাধিক দেশে আর্থিক মন্দার পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে এটি বিদেশে যাওয়ার সঠিক সময় নয়। আবার একাংশের মত, পড়ুয়ারা নিজেদের হাত খরচের জন্য পার্ট-টাইম চাকরির চেষ্টা করছেন। এটির সঙ্গে বেকারত্বের তুলনা টানা যায় না।
