
দুর্গাপুজো নির্বিঘ্নে কাটলেও কলকাতায় পুজো কার্নিভালে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।
হাওয়া অফিস সূত্রের খবর, নবমীর দিন কলকাতার আকাশ মূলত পরিষ্কার রয়েছে। তবে তাপমাত্রা স্বাভাবিকের উপর রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ২৪ ঘন্টায় কলকাতা, হাওড়া, হুগলি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদিয়াতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। কার্নিভাল অর্থাৎ মঙ্গলবার থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দু’দিনের মধ্যে রাজ্য থেকে বর্ষা বিদায় নিতে চলেছে। সামনের সপ্তাহ থেকে শুষ্ক আবহাওয়ার শুরু হতে পারে।
তবে আগামী ২৪ ঘণ্টার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হবে। নিম্নচাপ রূপে এর অভিমুখ চেন্নাই উপকূলের দিকে হতে পারে বলে অনুমান।
ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক
