
বালুরঘাটে মহিলা বিজেপি কর্মীকে চড় তৃণমূলের মহিলা কর্মীর। তপনে সুকান্ত মজুমদারকে গো ব্যাক স্লোগান।
শিলিগুড়িতে রাজু বিস্তাকে ঘিরে বিক্ষোভ। উত্তরবঙ্গের তিন কেন্দ্রে কার্যত রক্তপাতহীন ভোট দেখল পশ্চিমবঙ্গ। শুক্রবার ভোট শুরু হতে বিক্ষিপ্ত কিছু অশান্তির খবর সামনে আসতে থাকে। ইটাহারে বিজেপির এজেন্টদের বুথে বাধা দেওয়ার অভিযোগ করেন সুকান্ত মজুমদার। অন্যদিকে রায়গঞ্জ এবং বালুরঘাটে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের হেনস্থার পাল্টা অভিযোগ করে তৃণমূল। ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্টও তলব করেছে কমিশন। এরইমধ্যে রায়গঞ্জে ঘুষ দিয়ে ভোটারকে প্রভাবিত করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এসবের মধ্যেই কংগ্রেসের নির্বাচনী কার্যালয়ে বসায় দলের কর্মীকেই মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধে। তবে কোনও ক্ষেত্রেই পরিস্থিতি হাতের বাইরে যায়নি। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং পুলিশ গিয়ে প্রায় সঙ্গে সঙ্গেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।








