
পূর্বাভাস মতোই বৃহস্পতিবার সকাল থেকেই ঘন কালো মেঘে ঢেকেছে কলকাতার আকাশ। শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত ও।
সারা দিনই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টি এবং বজ্রপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে। আগামী রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তবে সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে বলে জানিয়েছে আলিপুর। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। বৃষ্টির পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং হুগলি জেলায়। ওই জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি হয়েছে। কলকাতা, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় হাওয়ার গতিবেগ থাকবে ৩০ থেকে ৪০ কিলোমিটার। বৃহস্পতিবার থেকে জলপাইগুড়ি, কোচবিহার-সহ উত্তরের সব জেলাতেই হালকা বৃষ্টি হবে। দার্জিলিঙে হালকা তুষারপাতের সম্ভাবনাও রয়েছে।
তবে টানা বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামী পাঁচ দিনে রাজ্যের কোথাও সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই।
