
কুম্ভস্নানের যাওয়ার পথে ১৯ নম্বর জাতীয় সড়কে কুলটি থানার চৌরঙ্গি মোড়ের কাছে মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত্যু হয়েছে একই পরিবারের দু’জনের।
পুলিশ সূত্রে খবর, মৃতরা হলেন শান্তনু মুখোপাধ্যায় এবং শৈলেন বন্দ্যোপাধ্যায়৷ আহত হয়েছেন ৪ মহিলা সহ ৬ জন। এক মহিলার অবস্থা গুরুতর। আহতরা আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে বাঁকুড়ার বিষ্ণপুরের অযোধ্যা গ্রাম থেকে একটি জায়লো গাড়িতে ৮ তীর্থযাত্রী প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ৷ বুধবার রাত ৯টা নাগাদ খাওয়াদাওয়া সেরে তাঁরা বাঁকুড়া থেকে রওনা হন। আসানসোল পেরিয়ে কুলটি চৌরঙ্গি মোড় ঢোকার আগেই তাঁদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। পুলিশ জানিয়েছে, একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে জায়লো গাড়িটি ৷ তৎক্ষণাৎ মৃত্যু হয়েছে তাঁদের। আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি জাভেদ হুসেন জানান, বাঁকুড়ার থেকে গাড়িটি প্রয়াগরাজ যাচ্ছিল।
গাড়িতে চালক-সহ ৮ জন যাত্রী ছিলেন। দু’জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পারা গিয়েছে৷ গাড়ির গতি বেশি ছিল ৷ লরিটি রাস্তায় দাঁড়িয়ে ছিল কি না, পুলিশ তদন্ত করে দেখছে।









