
কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের নতুন গ্রাহকদের অনলাইন ব্যাঙ্কিং বা মোবাইল ব্যাঙ্কিংয়ে সংযুক্ত করার উপর নিষেধাজ্ঞা জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।বুধবার এক নির্দেশিকায় আরবিআই জানিয়েছে, তথ্য প্রযুক্তি সংক্রান্ত অডিটে উদ্বেগজনক রিপোর্ট পাওয়ায় কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের নতুন গ্রাহকদের অনলাইন ব্যাঙ্কিং বা মোবাইল ব্যাঙ্কিংয়ে সংযুক্ত করার উপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।
শুধু তাই নয়, পরবর্তী নির্দেশ পর্যন্ত নতুন করে কোনও ক্রেডিট কার্ডও ইস্যু করতে পারবে না কোটাক মাহিন্দ্রা। তবে ব্যাঙ্কের বর্তমান গ্রাহকদের এই নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই। বর্তমান গ্রাহকরা যেভাবে পরিষেবা পাচ্ছেন, সেভাবেই পরিষেবা পাবেন।আরবিআই জানিয়েছে, ২০২২ এবং ২০২৩ সালে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের আইটি অডিটে উদ্বেগজনক রিপোর্ট পেয়েছে তারা। তাতে বোঝা যাচ্ছে, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের তথ্য প্রযুক্তি বিভাগে বিস্তর গলদ রয়েছে। ফলে নতুন গ্রাহকদের অনলাইন ব্যাঙ্ক বা মোবাইল ব্যাঙ্কিংয়ে সংযুক্তিকরণ ঝুঁকিপূর্ণ।
