
কোনও রাজ্যই পশ্চিমবঙ্গ মডেল চালু করতে চাইবে না। সংসদে তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়কে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার লোকসভায় প্রশ্নোত্তর পর্বে দমদমের সাংসদ সৌগত রায় বলেছেন, গত ১০-১৫ বছর ধরে ৪-৫টি রাজ্যে মাওবাদী সমস্যা রয়েছে।
ছত্তীসগঢ়, তারপরে মহারাষ্ট্রের গড়চিরোলি, ওড়িশার কোলাপুর এবং তারপর অন্ধ্রপ্রদেশের একাংশ। এখনও প্রতি সপ্তাহে মাওবাদীদের সঙ্গে যৌথ বাহিনীর সংঘর্ষের খবর দেখতে পান তাঁরা। এটা এখনও বন্ধ হয়নি।পশ্চিমবঙ্গেও মাওবাদী সমস্যা ছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার উন্নয়নে কাজ করেছে। আদিবাসী ছেলেদের চাকরি দিয়েছে।এরপরেই হট্টগোল শুরু হয় সংসদে। স্পিকার ওম বিড়লা সৌগত রায়কে জিজ্ঞাসা করেন, তাঁর প্রশ্নটা কী।তখন তৃণমূল কংগ্রেস সাংসদ বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞাসা করতে চান যে তিনি পশ্চিমবঙ্গের মডেল কি খতিয়ে দেখবেন। এরপরেই জবাবে হেসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, যে রাজ্যই যা ভাল কাজ করে, সেটা সারা দেশে চালু করতে নরেন্দ্র মোদী সরকারের কোনও সমস্যা নেই।তবে তিনি বিশ্বাস করেন, যে কোনও রাজ্যই চাইবে না পশ্চিমবঙ্গ মডেল সেখানে চালু হোক।








