
শিলিগুড়ি, কোন্নগরে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। বেআইনি দখলদারি রুখতে অভিযানে বুলডোজার চলল তৃণমূলের পার্টি অফিসে।
কোন্নগরে জিটি রোডে যানজট এড়াতে বুধবার রাতে উচ্ছেদ অভিযান চালায় পুরসভা। বাগখাল জিটি রোড সংলগ্ন এলাকা থেকে শুরু হয় উচ্ছেদ অভিযান। কোন্নগরে জিটি রোডের দুধারে অবৈধ দখলদারি ভেঙে দেওয়া হয়। বাদ যায়নি শাসকদলের পার্টি অফিস। এদিকে শিলিগুড়ির সেবক রোডে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। বৃহস্পতিবার সকালে সেবক রোডের পানিট্যাঙ্কি মোড় থেকে ভক্তিনগর থানার সামনে পর্যন্ত উচ্ছেদ অভিযান চলে। জেসিবি দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় একের পর এক জবরদখল করে থাকা দোকানগুলো। জিনিসপত্র বাঁচাতে দোকানদারদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। ক্ষোভে ফেটে পড়েন দোকানদাররা। চোখের সামনে নিজেদের দোকান ভেঙে যেতে দেখে কান্নায় ভেঙে পড়েন অনেকে।






