ক্রেডিট নিতে চাইছেন একজন, মোদীকে জিএসটি তোপ মমতার

0
90

জিএসটি কমিয়ে ক্রেডিট নিতে চাইছেন একজন। খিদিরপুর ৭৪ পল্লির পুজো উদ্বোধনে গিয়ে জিএসটি নিয়ে কার্যত নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি বলেছেন এর পিছনে কেন্দ্রের কোনও ক্রেডিট নেই, তিনিই প্রথম দাবি তুলেছিলেন। একজন ক্রেডিট নিচ্ছেন, আত্মনির্ভরতার কথা বলছেন, অথচ রাজ্যের টাকা ফেরত দিচ্ছেন না। ১০০ দিনের কাজ থেকে আবাস সবই বন্ধ। ২০ হাজার কোটি টাকা রাজ্যের ক্ষতি হয়েছে। প্রশ্ন তুলেছেন সংসার চলবে কি করে। মুখ্যমন্ত্রীর সাফ কথা জিএসটি কমানোয় কেন্দ্রের কোনও ক্রেডিট নেই। তিনি প্রথম ইনসিওরেন্স থেকে জিএসটি তোলার দাবি তুলেছিলেন। প্রশ্ন তুলেছিলেন রান্নার জিরেতে জিএসটি আর হিরেতে নয়, এটা কি করে ন্যায়বিচার হতে পারে। জীবনদায়ী ওষুধেও কর বসানো হয়েছে। শেষে তিনি বলেছেন বিভিন্ন পণ্যে জিএসটি কমায় মানুষের সুবিধে হয়েছে ঠিকই, কিন্তু তার কৃতিত্ব নেওয়ার কোনও অধিকার নেই কেন্দ্রের।