
বালিবোঝাই ট্রাকের ধাক্কায় ডাক্তারের মৃত্যুতে উত্তেজনা ছড়িয়েছে খড়গপুরের মোহনপুরে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই উত্তেজিত জনতা ভাঙচুর চালায় লরিতে।
জানা গিয়েছে মেদিনীপুরের অরবিন্দ নগরের বাসিন্দা হোমিওপ্যাথি চিকিৎসক বছর ৬৮-র হরিপদ রাউতের বাইকে ধাক্কা মারে একটি বালিবোঝাই লরি। পিংলার করকাইয়ে গ্রামের বাড়িতে যাওয়ার পথেই দুর্ঘটনা ঘটে। পেশায় চিকিৎসক হরিপদ রাউত কয়েকবছর আগে অবসর নিয়েছেন। মোহনপুর এলাকায় ট্রাফিক সিগন্যাল না থাকার কারণে রাস্তার ওপরেই বাইক নিয়ে দাঁড়িয়েছিলেন। তখনই একটি বালিবোঝাই লরি ধাক্কা মারে বলে অভিযোগ। এরপরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে আসানসোলের সালানপুরে ফুলবেড়িয়ায় ইসিএলের জলের ট্যাঙ্কারের ধাক্কায় ৩ বাইক আরোহী জখম হওয়ায় ভাঙচুর চালালো উত্তেজিত জনতা। স্ত্রী এবং ছেলেকে নিয়ে বিয়ে বাড়ি থেকে ফিরছিলেন এক যুবক। তখনই ইসিএলের ট্যাঙ্কর তাঁদের বাইকে ধাক্কা মারে বলে অভিযোগ।








