খাঁচাবন্দি কুলতলির রয়্যাল বেঙ্গল

0
260
ছবি সৌজন্যে : নিজস্ব
বনকর্মীর ঘাড়ে কামড় বসানো কুলতলির সেই বাঘ অবশেষে খাঁচাবন্দি ছাগলের টোপে। মঙ্গলবার ভোর সাড়ে তিনটে নাগাদ বাঘটিকে খাঁচাবন্দি করেছেন বনকর্মীরা।
সোমবার এই রয়্যাল বেঙ্গল টাইগারটিকে ধরতে গিয়ে জখম হন এক বনকর্মী। তাঁর ঘাড়ে কামড় বসিয়ে জঙ্গলে পালিয়ে যায় কুলতলির দক্ষিণরায়। তাকে ধরার জন্য কুলতলির একটি সব্জিক্ষেতে দু’টি খাঁচা পাতেন বনকর্মীরা। টোপ হিসাবে রাখা হয় ছাগল। সেই ছাগলের টোপেই ভোর ৩টে ৩২ মিনিটে ধরা পড়ে বাঘটি। বন দফতর সূত্রে খবর, খাঁচাবন্দি বাঘটির প্রথমে স্বাস্থ্য পরীক্ষা করানো হবে। তার পরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সব পরিকল্পনামাফিক এগোলে মঙ্গলবারই বাঘটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হতে পারে। তবে কোথায় বাঘটিকে ছাড়া হবে, তা এখনও স্থির করা হয়নি। পূর্ণবয়স্ক ওই পুরুষ বাঘটির বয়স আনুমানিক ১০ বছর।
টোপের ছাগলটি অল্প পরিমাণে খেয়েছে বাঘটি। তবে বাঘটি কেন জঙ্গল থেকে বেরিয়ে এসেছিল, তা এখনও স্পষ্ট নয় বলেই জানান ডিএফও।