
বন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি নেত্রী খালেদা জিয়াকে মুক্তি দিয়েছে বাংলাদেশ।বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে বৈঠকের পরই সোমবার রাতে রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিন ঘোষণা করেছিলেন।
মঙ্গলবার সরকারি নির্দেশিকা জারি করে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি নেত্রী খালেদা জিয়াকে স্থায়ীভাবে মুক্তি দেওয়া হয়েছে।বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া দুর্নীতির দু’টি মামলায় সাজা পেয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দি হয়েছিলেন। তাঁর মোট ১৭ বছরের জেলের সাজা হয়। দু’বছরের বেশি সময় তিনি জেলে ছিলেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার সরকার এক অন্তর্বর্তী আদেশে খালেদা জিয়ার সাজা ২০২০ সালের ২৫ মার্চ স্থগিত করে তাঁকে শর্তসাপেক্ষে গৃহবন্দি রাখার সিদ্ধান্ত নিয়েছিল। তবে তার মেয়াদ ছিল ছ’মাস। তারপর থেকে ছ’মাস পরপর গৃহবন্দিত্বের মেয়াদ বাড়িয়েছে সরকার।জেল থেকে মুক্তি পেলেও কার্যত খালেদা জিয়া তাঁর গুলশনের বাড়িতে গৃহবন্দি ছিলেন। স্বাধীনভাবে তাঁর যাতায়াতের উপর ছিল নানা বিধিনিষেধ। অসুস্থ খালেদা জিয়াকে গত কয়েক বছরে একাধিকবার হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
