
গণতন্ত্রের উৎসবে শামিল দক্ষিণী তারকারা। শুক্রবার সকালেই নির্বাচনী প্রথা সারতে দেখা গিয়েছে সুপারস্টার রজনীকান্ত, ধনুষ, বিজয় সেথুপতি, অজিত-সহ ইলাইয়ারাজা, শরৎকুমার, রাধিকা, শিবাকার্তিকেয়দের।
লোকসভা নির্বাচনের প্রথমদফায় চেন্নাইতে ভোট দিতে দেখা গিয়েছে গৌতম কার্তিক, পরিচালক সুন্দর সি, ভেত্রি মারন এবং শশীকুমারকেও। এদিন সকালে ভোট দিতে গিয়ে বুথে ভিড়ের মুখে পড়েন কমল হাসান। মাক্কাল নিধি মাইয়াম দলের সুপ্রিমো লোকসভার প্রথম দফায় চেন্নাইয়ের কোয়াম্বেড়ু কেন্দ্রে ভোট দিতে গিয়েছিলেন। সেখানেই তাঁকে ঘিরে ধরে অনুরাগীরা। অন্যদিকে, চেন্নাইয়ের স্টেলা মারিস কলেজে ভোট দিতে গিয়ে ভিড়ের চাপে পড়েন রজনীকান্ত। গোটা টিম নিয়ে কড়া নিরাপত্তাবলয়ে ভোট দিতে গিয়েছিলেন তিনি। কিন্তু রজনীকান্তকে দেখেই জনজোয়ার ছুটে আসে। ভোট দিয়ে বেরিয়েই তিনি বলেছেন, সকলে নিজের অধিকার প্রয়োগ করুন। ভোট দিইনি বলা কিন্তু গর্ব করার বিষয় নয়। এদিকে, বিজয় সেতুপতিকে দেখা গিয়েছে ভোট দিতে গিয়ে বুথে সকলের সঙ্গে আড্ডা দিতে।
