
৫ বছর ধরে রাজভবনে আটকে গণপিটুনি-রোধক বিল, তৃণমূলের অভিযোগের এবার পাল্টা জবাব দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
এক্স পোস্টে রাজ্যপালের তরফে জানানো হয়েছে, দ্য ওয়েস্ট বেঙ্গল প্রিভেনশন অব লিঞ্চিং বিল, ২০১৯ রাজ্য বিধানসভায় পাশ হয়েছিল ওই বছরের ৩০ অগাস্ট। ৪ সেপ্টেম্বর অনুমোদনের জন্য রাজ্য সরকার সেটি রাজভবনে পাঠিয়েছিল। রাজ্যপাল লিখেছেন, ২০১৯-এ বিধানসভায় বিল পাসের সময় গণপিটুনির সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের উল্লেখ ছিল। কিন্তু রাজভবনে পাঠানো বিলের খসড়ায় মৃত্যুদণ্ডের উল্লেখ ছিল না। সেই মর্মে বিলটির বিষয়ে রাজ্য সরকারের কাছে কিছু ব্যাখ্যা চেয়ে পাঠানো হয়ছিল, সেই ব্যাখ্যা এখনও মেলেনি। তৎকালীন রাজ্য বিধানসভার বিরোধী পক্ষ কংগ্রেস এবং বামেরা বিলের কিছু বিষয় সংশোধনের দাবি তুলেছিলেন বলেও জানিয়েছেন রাজ্যপাল। ২০২২ সালে রাজ্য বিধানসভায় বিতর্ক পর্বে রাজভবনে পড়ে থাকা ২২টি বিলের তালিকাতেও গণপিটুনি সংক্রান্ত বিলটি ছিল বলে জানিয়েছেন তিনি। নতুন করে রাজ্যের বিভিন্ন প্রান্তে গণপিটুনির ঘটনা ঘটতে শুরু করার পরেই পাঁচ বছরের পুরনো একটি বিল ফের আলোচনায় চলে এসেছে।








