গণ ইস্তফার চাপ বাড়ছে! হুঁশিয়ারি মেডিক্যালেও

0
155

জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রতি সংহতিতে সিনিয়রদের গণ ইস্তফার আঁচ দিক দিকে ছড়িয়ে পড়ছে। শুরু আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে।

৫০ জন সিনিয়র ডাক্তার গণ ইস্তফা দেন মঙ্গলবার দুপুরে। তার কিছু ক্ষণের মধ্যেই কলকাতা মেডিক্যালেও গণ ইস্তফার হুঁশিয়ারি সিনিয়র ডাক্তারদের। ২৪ ঘণ্টার মধ্যে জুনিয়রদের দাবি পূরণ না হলে, তাঁরাও গণ ইস্তফা দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন কলকাতা মেডিক্যালের সিনিয়রেরা।রাজ্য সরকারকে চিঠি দিয়ে গণ ইস্তফা দিয়ে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে চিঠি পাঠিয়েছেন আরজি করের সিনিয়র ডাক্তারেরা। আন্দোলনকারীদের দাবিদাওয়ার ব্যাপারে সরকার যাতে দ্রুত পদক্ষেপ করে, সেই আর্জি জানিয়েছেন তাঁরা। আরজি করের এক সিনিয়র চিকিৎসক বলেন, আমরণ অনশন হল একেবারে শেষ অস্ত্র। বাধ্য হয়েই জুনিয়র চিকিৎসকেরা এই সিদ্ধান্ত নিয়েছেন।সরকারের দ্রুত পদক্ষেপের দাবিতেই এই গণ ইস্তফার সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। দাবি পূরণ না হলে পরবর্তীতে ব্যক্তিগত স্তরেও ইস্তফার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।ধর্মতলায় অনশনকারীদের পাশেও প্রতীকী অনশনে বসতে দেখা গিয়েছে সিনিয়র ডাক্তারদের। ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন সিনিয়র চিকিৎসক কেউ ১২ ঘণ্টা, কেউ ২৪ ঘণ্টার প্রতীকী অনশনে শামিল হয়েছেন। এরই মধ্যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে সংহতির বার্তা দিতে গণ ইস্তফার হুঙ্কার আরজি করের বাইরেও ছড়িয়ে পড়তে শুরু করেছে সিনিয়র ডাক্তারদের মধ্যে। প্রথম শুরু হয়েছিল আরজি কর থেকে। পরে তা ছড়িয়ে পড়ল কলকাতা মেডিক্যালেও।