
নির্বাচনী প্রচারে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতীন গডকড়ি। বুধবার মহারাষ্ট্রের একটি প্রচারে গিয়ে সভামঞ্চেই অজ্ঞান হয়ে পড়েন কেন্দ্রীয় মন্ত্রী।
লোকসভা নির্বাচনের প্রথম দফায় নাগপুর থেকে প্রার্থী হয়েছিলেন নীতীন গডকড়ি। তাঁর কেন্দ্রে নির্বাচন হয়ে গেলেও জোরকদমে প্রচার চালিয়ে যাচ্ছেন তিনি। বুধবার মহারাষ্ট্রের ইয়াভাতমাল-ওয়াসিম কেন্দ্রে শিবসেনার একনাথ শিণ্ডে শিবিরের রাজশ্রী পাটিলের সমর্থনে প্রচারে গিয়েছিলেন তিনি। জানা গিয়েছে, দুপুরের প্রবল গরম উপেক্ষা করেই সভামঞ্চ দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছিলেন নীতীন গডকড়ি।কথা বলতে বলতে আচমকাই মঞ্চে লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে ধরে ফেলেন মঞ্চে উপস্থিত অন্যান্য নেতারা। চোখে মুখে জল ছিটিয়ে দিতে থাকেন। মঞ্চ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় মন্ত্রীকে। পরে চিকিৎসাও শুরু হয় নীতীন গডকড়ির। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই সুগারের সমস্যায় ভুগছেন কেন্দ্রীয় মন্ত্রী। ২০১৮ সালেও এইভাবেই একবার মঞ্চে বক্তৃতা দেওয়ার সময়ে জ্ঞান হারিয়েছিলেন তিনি। সেই সময়ে জানা গিয়েছিল, আচমকা রক্তে শর্করার পরিমাণ কমে যাওয়ার ফলে মাথা ঘুরে গিয়েছিল তাঁর। তবে এদিন কেন আবার অসুস্থ হয়ে পড়লেন কেন্দ্রীয় মন্ত্রী, তা এখনও জানা যায়নি।
