
অবসাদের চিকিৎসা চলাকালীনই বাড়ি থেকে দশম শ্রেণির ছাত্রের শাড়ি প্যাঁচানো ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কালীঘাটের মুখার্জি লেনে।
পুলিশ সূত্রে খবর, বছর ১৬-র শৌর্য্য সরকার, টালিগঞ্জ থানা এলাকার রাসবিহারী অ্যাভিনিউয়ের একটি স্কুলে দশম শ্রেণিতে পড়তো। পরিবার সূত্রে খবর, হঠাৎ করেই বিষণ্ণ হয়ে পড়েছিল সে। আচমকা অবসাদগ্রস্ত আচরণের জন্য এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে তার কাউন্সেলিং চলছিল। সোমবার ভোর ৫টা নাগাদ ঘরে গলায় শাড়ি প্যাঁচানো অবস্থায় ছেলের ঝুলন্ত দেহ দেখতে পান বাবা-মা। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু বাঁচানো যায়নি। ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ভোর ৬টা ১০ মিনিট নাগাদ এসএসকেএম থেকে ফোন করে থানায় খবর দেওয়া হয়।
দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঠিক কী কারণে এই মৃত্যু, ময়নাতদন্তের রিপোর্ট থেকেই সে বিষয়ে নিশ্চিত হবে পুলিশ।



