
ফ্ল্যাট থেকে বিউটিশিয়ানের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে গাঙ্গুলিবাগানে। যে ফ্ল্যাট থেকে দেহ উদ্ধার হয়েছে সেই ফ্ল্যাটের নিচেই তনুশ্রী মাঝির বিউটিপার্লার। ওই ফ্ল্যাটে স্বামী এবং ৪ বছরের মেয়েকে নিয়ে থাকতেন তনুশ্রী।
প্রতিবেশীর দাবি বুধবার সকালে মেয়েকে তাঁদের বাড়িতে রেখে যান তনুশ্রী। মাঝে পার্লারেও গিয়েছিলেন। পার্লারের কর্মীদের দাবি তখন ফোনেই ব্যস্ত ছিলেন ওই তরুণী। এরপর ফ্ল্যাটে চলে যান। দীর্ঘক্ষণ কেটে গেলেও মেয়েকে না নিয়ে যাওয়ায় প্রতিবেশী তনুশ্রীর ফ্ল্যাটে যান। দরজা ভিতর থেকে বন্ধ ছিল। দীর্ঘক্ষণ ডেকেও সাড়া না পেয়ে সন্দেহ হয়। এরপর তনুশ্রীর স্বামী দেবাশিস মাঝিকে ফোনে বিষয়টি ওই প্রতিবেশী জানাতে পার্লারের দুই কর্মীকে ফোন করে দেখতে যেতে বলেন। এরপরেই দরজা ভেঙে ঝুলন্ত দেহ দেখতে পেয়ে নেতাজিনগর থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। এটি আত্মহত্যা না খুন খতিয়ে দেখছে পুলিশ।
যদিও তনুশ্রীর পরিবারের অভিযোগ দীর্ঘদিন ধরেই অশান্তি চলছিল স্বামীর সঙ্গে। তার জেরেই খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে দেহ।








