
গালওয়ানের ঘটনার পুনরাবৃ্ত্তি আর যেন না হয়। চিনা প্রতিরক্ষামন্ত্রী ডং জুনের সঙ্গে বৈঠকে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
আসিয়ানের প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের একটি শীর্ষ সম্মেলনে যোগ দিতে লাওস সফরে গিয়েছেন রাজনাথ সিং। সেখানে সম্মেলনের ফাঁকে চিনের প্রতিরক্ষামন্ত্রী ডং জুনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রতিরক্ষামন্ত্রী।
সাউথ ব্লক সূত্রে খবর, গালওয়ানের ঘটনার পুনরাবৃ্ত্তি যাতে না হয়, চিনের প্রতিরক্ষামন্ত্রীকে সে কথাই জানিয়েছেন রাজনাথ সিং। সীমান্তে যে কোনও ধরনের সংঘর্ষের পরিস্থিতি এড়াতে চিনা প্রতিরক্ষামন্ত্রীকে অনুরোধ করেছেন তিনি।রাজনাথ সিংয়ের মতে, ভারত এবং চিন হল প্রতিবেশী। তাই সংঘাত নয়, সহযোগিতা থাকা উচিত দুই দেশের মধ্যে। ২০২০ সালের ঘটনা থেকে শিক্ষা নিয়ে পদক্ষেপ করতে হবে দুই দেশকে। সংঘাত আটকানোর চেষ্টাও করতে হবে। সীমান্ত এলাকায় শান্তি এবং স্থিতাবস্থা বজায় রাখতে দুই দেশকেই সচেষ্ট হতে হবে। লাওসের রাজধানী ভিয়েনতিয়েনে হওয়া এই বৈঠকের কথা এক্স হ্যান্ডলে জানিয়েছে প্রতিরক্ষামন্ত্রীর দফতর। ২০২০ সালে লাদাখের গালওয়ান সীমান্তে ভারতের সঙ্গে চিনের সামরিক বাহিনীর সংঘর্ষের জেরে বহু সেনার প্রাণ গিয়েছিল। তারপর থেকে প্রায় সাড়ে চার বছর চিনের সঙ্গে দ্বিপাক্ষিক টানাপড়েন চলেছে ভারতের। কূটনৈতিক ও সামরিক পর্যায়ের দীর্ঘ বৈঠক ও আলোচনার পরে গত কয়েক মাসে সেই জটিলতা কিছুটা কেটেছে।







