
গিরিশ পার্ক থানা সংলগ্ন ছাতুবাবুর বাজারের কাছে একটি বাড়িতে বিধ্বংসী আগুনে অগ্নিদগ্ধ হয়েছেন একজন। তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
জানা গিয়েছে, শুক্রবার সকালে গিরিশ পার্ক থানা সংলগ্ন ছাতুবাবুর বাজারের কাছে একটি বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখতে পান স্থানীয়রা। তারপরেই নজরে পড়ে লেলিহান শিখা। তড়িঘড়ি স্থানীয়রা খবর দিয়েছে দমকলে। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত গতিতে আগুন ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় আগুন আয়ত্তে আনার কাজ শুরু করেছিলেন দমকল আধিকারিকরা। বাড়ি থেকে বের করে আনা হয়েছে বাসিন্দাদের। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল গোটা এলাকা। পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে ছিল দমকলের ৫ টি ইঞ্জিন। প্রায় দেড়ঘণ্টার চেষ্টায় আযত্তে এসেছে আগুন। তবে এলাকায় প্রবল আতঙ্ক রয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগেছে।
