
পোর্তোর সঙ্গে পাঁচ বছরের চুক্তির দেড় বছর সবে পেরিয়েছে।দুর্দান্ত পারফরম্যান্সে ক্লাবের গুরুত্বপূর্ণ অংশও হয়ে উঠেছিলেন নিকো গন্সালেস।কিন্তু ম্যানচেস্টার সিটি থেকে যখন ডাক আসে, তখন তো উপেক্ষা করা কঠিন।
সেই রোমাঞ্চ নিয়েই স্বপ্নের ক্লাবে পাড়ি জমালেন স্প্যানিশ মিডফিল্ডার।পেপ গুয়ার্দিওলার মতো কোচ তাকে দলে চেয়েছেন,এতেই এই তরুণের উচ্ছ্বাস ছুঁতে চাইছে আকাশ।সাম্প্রতিক দুঃসময় থেকে মুক্তি পেতে দলবদলের বাজারে দারুণ সক্রিয় ম্যানচেস্টার সিটি শেষ সময়ে অ্যাড করেছে গন্সালেসকে।পর্তুগিজ ক্লাব এফসি পোর্তোর ২৩ বছর বয়সী মিডফিল্ডারকে সাড়ে চার বছরের চুক্তিতে দলে নিয়েছে ইংলিশ ক্লাবটি।খবর, দারুণ ফর্মে থাকা প্রতিভাবান ফুটবলারকে পেতে ৬ কোটি ইউরো খরচ হয়েছে সিটির।উল্লেখ্য সাত বছর বয়সে লা করুনিয়ার ক্লাব মন্তানিয়েরোতে পা রেখে ফুটবলার হওয়ার পথে ছুটতে শুরু করেন গন্সালেস। তবে তার সত্যিকারের গাঁথুনি গড়ে ওঠে ১১ বছর বয়সে বার্সেলোনার বিখ্যাত একাডেমিতে যোগ দেওয়ার পর।বার্সেলোনার বি দলের হয়ে তার অভিষেক ২০১৯ সালে।পরে ২০২১ সালে মূল দলের জার্সি গায়েও মাঠে নামেন।তবে ক্লাবে নিজের জায়গা করে নিতে পারেননি তিনি। ২০২২ সালে লিয়েনে খেলে আসেন ভালেন্সিয়ায়।পরে ২০২৩ সালের জুলাইয়ে পাঁচ বছরের চুক্তিতে পাড়ি জমান পোর্তোয়।ক্লাবের হয়ে ৬৮ ম্যাচে গোল করেছেন তিনি ৯টি, সাহায্য করেছেন ৯ গোলে। এই সিজনে দারুণ ফর্মে ছিলেন তিনি।গন্সালেসকে দলে পেতে বেশ কয়েকদিন ধরেই পোর্তোর সঙ্গে সিটির আলোচনা চলছে বলে খবর ছিল। তবে বনিবনা হচ্ছিল না আর্থিক বিষয়ে।
পোর্তো কোনো ছাড় দিতে রাজি ছিল না, কারণ অর্থের একটি অংশ পাবে গন্সালেসের প্রাক্তন ক্লাব বার্সেলোনাও। শেষ পর্যন্ত পোর্তোর চাওয়া সিটি পূরণ করেছে বলেই খবর।








