
শিয়ালদা দক্ষিণ শাখার ঘুটিয়ারি শরিফ স্টেশনে ভয়াবহ আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, রবিবার ছুটির দিন সকাল সাড়ে ১০টা নাগাদ ১ নম্বর প্ল্যাটফর্মে দোকানে আগুন লাগে।
৫-৭টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। নিমেষের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। এই অগ্নিকাণ্ডের ফলে প্ল্যাটফর্মের উপর বেশ কয়েকটি দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে বলে খবর। তবে কী থেকে আগুন লাগল এখনও পর্যন্ত জানা যায়নি নিশ্চিত ভাবে। ওই স্টেশনের প্ল্যাটফর্মে আগুন লাগায় শিয়ালদা থেকে ক্যানিং এবং ক্যানিং থেকে শিয়ালদামুখী ট্রেনগুলির চলাচল বিঘ্নিত হয়েছে। যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে আপাতত ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে বলে খবর।
