
চতুর্থ তালিকা প্রকাশের দিনই পুলিশ প্রশাসনে ব্যাপক রদবদল করেছে কমিশন। ৮৪ জন বিডিও-র পাশাপাশি ১৮৪ জন আইসি, ওসিকে বদলি করেছে নির্বাচন কমিশন।
নন্দীগ্রামের দুটো ব্লক সহ রাজ্যের ৮৩টি ব্লকের বিডিও এবং সহকারী রিটার্নিং অফিসার বা এআরওকে বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এদিকে রবিবার সন্ধেয় চতুর্থ ভোটার লিস্ট প্রকাশ করেছে কমিশন। তারমধ্যেই রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের ওসি ও আইসিদের বদলি করা হয়েছে। এরমধ্যে ১৪২ জন আইসি এবং ওসিকে বদল করা হয়েছে। এর মধ্যে কলকাতা পুলিশের ৩১ জন আইসি, ওসিকে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি ১১ জন ডিআইবি বদল করা হয়েছে। এদিকে কমিশন সূত্রে খবর রাজ্যে ৬০ লাখ বিবেচনাধীন ভোটারের মধ্যে ৪২ লাখ ভোটারের তথ্য নিষ্পত্তি হয়েছে। তাঁদের মধ্যে এখনও পর্যন্ত বাদ পড়েছে প্রায় ১৮ লাখ ভোটারের। খবর কমিশন সূত্রে। আরও ২০ লাখ ভোটারের নাম এখনও বিবেচনাধীন রয়েছে।
কমিশনের তরফে জানানো হয়েছে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনের আগে সেগুলো নিষ্পত্তি হয়ে যাবে। রাজ্য প্রথম দফার ভোটের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৬ এপ্রিল।
