
চতুর্থ দফার ভোটের সকাল থেকে রাজ্যের আটটি ভোট কেন্দ্রের বিভিন্ন জায়গায় অশান্তির খবর আসতে শুরু করেছে। সকাল থেকেই তপ্ত বোলপুর লোকসভা কেন্দ্র।
ইলামবাজার সংলগ্ন এলাকায় ভোটারদের বুথে না যাওয়ার জন্য হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। একইভাবে সীতাপুর জুনিয়র বেসিক স্কুলে বিজেপির এজেন্টকে সরে যেতে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই নিয়ে কমিশনে অভিযোগ জানিয়েছে বিজেপি। পূর্ব বর্ধমানে বিজেপির পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ সামনে এসেছে তৃণমূলের বিরুদ্ধে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে কমিশনে নালিশ জানিয়েছে বিজেপি।পাণ্ডবেশ্বরে বিজেপি কর্মীকে শারীরিক নিগ্রহের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এই বিষয়ে জিতেন্দ্র তিওয়ারি এক্স হ্যান্ডলে পোস্ট করে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন। বহরমপুর লোকসভার অন্তর্গত বেলডাঙার মির্জাপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের ৮৫,৮৬ নং বুথে কংগ্রেসের বুথ এজেন্টকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।অন্যদিকে, নদিয়ায় নারায়নপুর প্রাথমিক বিদ্যালয় ১৬-১৭ নম্বর বুথে বিরোধী এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া হয়েছে। ভোটারদের ভয় দেখানোর ঘটনায় উত্তেজনা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। থানারপাড়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।অন্যদিকে খয়রাশোলের কাঁকরতলা থানার বড়রা গ্রাম পঞ্চায়েত এলাকায় অশান্তি। বেশ কয়েকটি বুথে বিজেপির এজেন্টদের বসতে না দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।একইভাবে আসানসোলের রানিগঞ্জে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নতুন এগারা এলাকায় উত্তেজনা। এদিকে সিউড়িতে বিজেপির অস্থায়ী ক্যাম্প ভেঙে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।একইভাবে বহরমপুরের বেলডাঙার মির্জাপুরে কংগ্রেস এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।








