
চেন্নাই কাজ করতে যাওয়ার পথে চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে এক পরিযায়ী শ্রমিকের। পরিবারের পাশে দাঁড়াতে রোজগারের আশায় বাড়িতে সদ্য বিবাহিত স্ত্রী এবং বাবা মাকে রেখে ভিনরাজ্যে কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মালদার সালালপুরের বাসিন্দা সাবেদুল আলি।
জানা গিয়েছে, গ্রামের এক ঠিকাদারের সঙ্গে করমন্ডল এক্সপ্রেস ট্রেন ধরে চেন্নাইয়ের রেল লাইনের কাজ করার জন্য রওনা দিয়েছিল সে। সঙ্গে ছিল আরো ১৩ জন শ্রমিক। ওই যুবক ট্রেনের দরজার সামনে বসেছিল বলে অভিযোগ। বারবার বারণ করা সত্ত্বেও সে সরে আসেননি। আচমকা অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম রোড রেল স্টেশনের কাছে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁর। যুবকের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকেরা। দেহ বাড়িতে নিয়ে আসার জন্য হরিশ্চন্দ্রপুর থানার দ্বারস্থ হয়েছেন মৃতের পরিবার।
