
চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে কর্তব্যরত নার্সকে আর জি কর-র করার হুমকি দেওয়ার অভিযোগে এক রোগীর আত্মীয়কে গ্রেফতার করেছে চাঁচল থানার পুলিশ।
হাসপাতাল সূত্রে খবর, রক্তাল্পতার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন হরিশ্চন্দ্রপুরের এক বাসিন্দা। ওই রোগী এবং রোগীর পরিবারের বিরুদ্ধে হুমকি এবং দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন কর্তব্যরত নার্সরা। তাঁরা জানিয়েছেন,ওই রোগীর আত্মীয় আরিফ আলি নার্সদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন। এরপরেই আর জি কর-র চিকিৎসকদের মতো পরিণতি করার হুমকি দিয়েছে আরিফ আলি। পাশাপাশি প্রভাব খাটিয়ে নার্সদের চাকরি খাওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে। এই নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে হাসপাতাল চত্বরে। হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে রোগীর আত্মীযকে গ্রেফতার করেছে চাঁচল থানার পুলিশ। অভিযোগ, ঘটনার সময় ওই রোগী বারবার ফোন করেছিলেন প্রতিমন্ত্রী তাজমূল হোসেনকে। নিজেকে মন্ত্রীর ঘনিষ্ট বলেও দাবি করেছেন তিনি। ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন হাসপাতালের নার্স এবং চিকিৎসকরা।








