
চাঁদনি চক, ধমতলার মোড়, পার্ক স্ট্রিট দফায় দফায় পলিশের বাধার মুখে জুনিয়র চিকিৎসকদের অভয়া পরিক্রমা। চালকদের থেকে চাবি কেড়ে নিয়ে রাস্তার মাঝখানে বিক্ষিপ্তভাবে বাস, তেলের ট্যাঙ্কার দাঁড় করিয়ে অভয়া পরিক্রমা আটকানোর চেষ্টার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
পুলিশের পায়ে পড়ে মহিলার অনুমতির আবেদনেও মেলেনি সাড়া। বাধ্য হয়ে মিনিডোর ছাড়াই পায়ে হেঁটে ঢাক বাজিয়ে অভয়া পরিক্রমা করেছেন জুনিয়র ডাক্তাররা। বুধবার ষষ্ঠীর বিকেলে এভাবেই অবরুদ্ধ হয়ে রইল কলকাতার একের পর এক রাস্তা। প্রথমে চাঁদনি চকে মিনিডোর নিয়ে যেতে বাধা দেয় পুলিশ। সেখানেও গাড়ির চাবি কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এরপরেই জুনিয়র চিকিৎসকদের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়। এক মহিলা পুলিশকর্মীর হাতেও লাগে। শেষমেশ অবশ্য পুলিশের হাত থেকে মিনিডোর ছাড়িয়ে মিছিল করে ধর্মতলার অনশন মঞ্চের দিকে এগিয়ে যায় জুনিয়ররা। ঠিক সেই সময়ই রাস্তার মাঝে বাস, তেলের ট্যাঙ্কার দাঁড় করিয়ে অভয়া পরিক্রমা আটকানোর চেষ্টা করা হয়। পার্ক স্ট্রিটেও ব্যারিকেড দিয়ে অভয়া পরিক্রমা আটকানোর চেষ্টা করা হয়। তারপরেও থেমে থাকেনি মিছিল।
