চাকরিতে যোগ দিতে গিয়ে মৃত্যু আইপিএস অফিসারের

0
217
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
কর্নাটকে ট্রেনিং শেষ করে নতুন চাকরিতে যোগ দিতে যাওয়ার পথেই দুর্ঘটনায় তরুণ আইপিএস অফিসারের মৃত্যুতে শোরগোল পড়ে গিয়েছে।
পুলিশের গাড়িতে দুর্ঘটনার ফলে তাঁর মৃত্যু হয়েছে। ২৬ বছরের হর্ষ বর্ধন মহারাষ্ট্রের বাসিন্দা। ২০২৩ সালের আইপিএস ব্যাচে ছিলেন তিনি। সম্প্রতি কর্নাটকের হাসান জেলায় প্রথম পোস্টিং পেয়েছিলেন। চার সপ্তাহ ধরে মাইসুরুতে চলেছে তাঁর প্রশিক্ষণ। সোমবার সহকারী পুলিশ সুপার হিসাবে দফতরে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। তার আগে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি।পুলিশের গাড়িতে চড়েই হাসানে নিজের দফতরের উদ্দেশে রওনা দিয়েছিলেন ওই আইপিএস। প্রথম চাকরি, প্রথম দায়িত্ব নিয়ে উৎসাহী ছিলেন। কিন্তু হাসান-মাইসুরু হাইওয়ের উপর আচমকা তাঁর গাড়ির চাকা ফেটে ওঠে প্রচণ্ড শব্দে। চাকা ফেটে যাওয়ায় গাড়ি আর নিয়ন্ত্রণে রাখতে পারেননি চালক। রাস্তার ধারে একটি বাড়ি এবং একটি গাছের সঙ্গে পর পর ধাক্কা খায় আইপিএসের গাড়িটি। দুর্ঘটনাগ্রস্ত তুবড়ে যাওয়া গাড়ি থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু মাথায় আঘাত লেগেছিল। চিকিৎসা চলাকালীন হাসপাতালে মৃত্যু হয় তাঁর।দুর্ঘটনায় ওই গাড়ির চালকেরও চোট লেগেছিল। কিন্তু তাঁর চোট তেমন গুরুতর নয়।
শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেছেন, দীর্ঘ বছরের পরিশ্রমের পর যুবক সাফল্য পেয়েছিলেন। এতদিন পর তাঁর স্বপ্নপূরণ হয়েছিল। এটা হওয়া উচিত ছিল না। এই মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক।