
ভোট মিটতেই তৃণমূল কর্মী খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার চাপড়ায়। চাপড়ার মাধবপুরের জয়দেব পল্লিতে একটি মদের দোকানের পিছন রাস্তা থেকে উদ্ধার হয়েছে মসলেম শেখের দেহ।
মসলেমকে গুলি করে খুন করা হয়েছে বলে অভিযোগ। রাজনৈতিক কারণে খুন বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। পুলিশ সূত্রে মুসলিমদের বিরুদ্ধে দুষ্কৃতী কার্যকলাপের একাধিক অভিযোগ রয়েছে। এদিকে যাদবপুর কেন্দ্রের সোনারপুরের খেয়াদহে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য প্রসেনজিত সাহাকে খুনের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। মঙ্গলবার ভোটের ফল প্রকাশের পর প্রসেনজিতকে বাড়ি থেকে ডেকে খুন করা হয় বলে অভিযোগ। প্রসেনজিত ২০১৮ থেকে খেয়াদহ-র তৃণমূলের পঞ্চায়েত সদস্য হলেও ২০২৩-এ তাঁকে টিকিট দেয়নি দল।
