
চা বাগানের জমি শিল্পপতিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা হলে বিজেপি চুপ থাকবে না। হুঁশিয়ারি দিয়েছেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা।
চা বাগানের জমি শিল্পপতিদের দিয়ে দেওয়া নিয়ে মিথ্যাচার চলছে বলে মঙ্গলবার অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরদিনই জমি অধিগ্রহণ নিয়ে রাজ্যের বিরুদ্ধে অভিযোগ জানাতে রাজভবনে গিয়েছেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা। তিনি জানিয়েছেন সিঙ্গুর, নন্দীগ্রামে হাজার একর জমি ছিল, কিন্তু এখানে এক লাখ একরেরও বেশি জমি পর্যটন ব্যবসায়ীদের দেওয়া হচ্ছে। মানা হচ্ছে না কোনও আইন। টি বোর্ডের কোনও অনুমতি নেওয়া হয়নি। তাঁর ক্ষোভ মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গকে বরবাদ করতে উঠে পড়ে লেগেছেন। তিনি আরও বলেছেন মুখ্যমন্ত্রী দাবি করেছেন চা বাগানের খালি জমিই দেওয়া হচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গের আইন বলছে এমন খালি জমি থাকলে তা রাজ্য সরকারের। তাঁর দাবি চা বাগানে কোনও খালি জমিই নেই। যেটুক রয়েছে সেখানে চা শ্রমিকরা থাকেন। সেটাই হরফ করতে চাইছেন। চা বাগানের জমি নিয়ে মিথ্যে প্রচার চলছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে কার্যত বিজেপিকে ভূতুড়ে দল বলে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেছেন চা বাগানের জমি আইনে কোনও বদল আনা হয়নি। বন্ধ চা বাগানের উদ্বৃত্ত জমিকেই বাণিজ্যিক কাজকর্ম করার অনুমতি দেওয়া হচ্ছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন উত্তরের ৬টি ধুঁকতে থাকা চা বাগান লিজে দেওয়া হচ্ছে।






