চিকিৎসক অভীক-র বিরুদ্ধে তদন্ত কমিটি স্বাস্থ্য দফতর-র 

0
160

সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসক অভীক দে’র বিরুদ্ধে বৃহস্পতিবার চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য দফতর। এর আগে  বিরূপাক্ষ বিশ্বাস ও অভীক দে’কে সাসপেন্ড করেছিল রাজ্য মেডিক্যাল কাউন্সিল।

স্বাস্থ্য দফতর সূত্রের খবর, চার সদস্যের তদন্ত কমিটিতে রয়েছেন এনআরএস মেডিক্যাল কলেজের অধ্যক্ষ চিকিৎসক পীতবরণ চক্রবর্তী, ডায়মন্ড হারবার গর্ভমেন্ট মেডিক্যাল কলেজের অধ্যক্ষ চিকিৎসক উৎপল দান, চিকিৎসক অভিজিৎ হাজরা এবং চিকিৎসক রামপ্রসাদ রায়। আগামী সাতদিনের মধ্যে অভীকের বিরুদ্ধে ওঠা প্রতিটি অভিযোগ খতিয়ে দেখে ওই কমিটিকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়াা হয়েছে। আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে দুর্নীতির অভিযোগ উঠেছে। আদালতের নির্দেশে ওই ঘটনারও তদন্ত করছে সিবিআই। দুর্নীতির জন্য কলকাতা-সহ দুই বঙ্গে নিজের ঘনিষ্ঠ কিছু ছাত্র নেতাকে দিয়ে তিনি সিন্ডিকেট রাজত্ব শুরু করেছিলেন বলে অভিযোগ। বর্ধমান সিন্ডিকেটের মাথা হিসেবে সন্দীপ ঘনিষ্ঠ অভীক দে’র বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন জুনিয়র চিকিৎসকেরা। সূত্রের খবর, এ ব্যাপারেই অভীকের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খতিয়ে দেখবে তদন্ত কমিটি। শুধু দুর্নীতি নয়, আরজি করে চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনাতেও নাম জড়িয়েছে সন্দীপ ঘনিষ্ঠ এই চিকিৎসকের।