
আর জি করকাণ্ডে আগেই সঞ্জয় রায় নামে কলকাতা পুলিশেরই সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে। এবার তদন্তভার হাতে নিয়ে আরও ৩ চিকিৎসককে ডেকে পাঠায় সিবিআই।
বৃহস্পতিবার দুপুরে ফরেন্সিক ডিপার্টমেন্টের ৩ চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই গোয়েন্দারা। বেশ কয়েকঘণ্টা পর আরজি কর হাসপাতালের ফরেন্সিক ডিপার্টমেন্টর চিকিৎসক রিনা দাস, এনআর এস হাসপাতালের ফরেন্সিক ডিপাটমেন্টের চিকিৎসক মলি ব্যানার্জি সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে যান। এর আগে ৮ তারিখ রাতে নির্যাতিতার সঙ্গে যে জুনিয়র ডাক্তাররা ডিউটিতে ছিলেন তাঁদের সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছেন তদন্তকারী অফিসাররা। আর জি কর কাণ্ডে মঙ্গলবারই সিবিআইকে তদন্তভার দেয় হাইকোর্ট। রাতেই মামলা সংক্রান্ত নথিপত্র হস্তান্তর করে কলকাতা পুলিশ। এরপর বুধবার সকালে অভিযুক্ত সঞ্জয় রায়কে নিজেদের হেফাজতে নেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। এরপরেই সঞ্জয় রায়ের মোবাইল রেকর্ড এবং কল রেকর্ড খতিয়ে দেখছে তদন্তকারী অফিসাররা। ঘটনার আগে পরে সঞ্জয় কোথায় ছিলেন কাদের সঙ্গে কতক্ষণ কথা বলেছিলেন সেই সব তথ্য পেতেই মোবাইল রেকর্ড এবং কললিস্ট খতিয়ে দেখছে তদন্তকারীরা।









