
দু’চোখে অপারেশন হয়েছে। জল লাগানো বারণ। তা সত্ত্বেও বৃষ্টি মাথায় নিয়ে ইস্কনের জগন্নাথদেবের রথের রশিতে টান দিয়ে রথযাত্রার সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রথের রশি’তে টান দেওয়ার আগে মুখ্যমন্ত্রী নিজে হাতে আরতি করেছেন প্রভু জগন্নাথদেব, বলভদ্র ও দেবী সুভদ্রার। এরপরই মুখ্যমন্ত্রী বলেছেন, বাংলায় সমস্ত ধর্মীয় উৎসব পালন করা হয়। বাংলার অর্ধেক মানুষ জগন্নাথ দর্শন করছেন বিভিন্ন জায়গায়। ওড়িশার পুরীর মতই রাজ্যের বিভিন্ন প্রান্তে রথযাত্রা ঘিরে উৎসবের আমেজ। সেই আবহে রবিবার কলকাতার মিন্টো পার্কে ইসকন মন্দির থেকে রথযাত্রা শুরু হয়। ইসকনের রথযাত্রার ৫৩ তম বছরে অন্যান্যবারের মত যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন অভিষেক বন্দোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়ও। উপস্থিত ছিলেন টলিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্র সহ অন্যান্যরা। রাশিয়া, ইউক্রেন, আমেরিকা, চিন বিশ্বের বিভিন্ন প্রান্তের ভক্তরাও ভিড় জমিয়েছিলেন রথযাত্রায়। রবিবার কলকাতার মিন্টো পার্কে ইসকন মন্দির থেকে রথযাত্রা শুরু হয়েছে এজেসি বোস রোড,শরৎ বোস রোড, হাজরা, এক্সাইড মোড় হয়ে পার্ক স্ট্রিট ঘুরে আউট্রাম রোড ধরে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের পিছনে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পৌঁছয়। ৭ দিন ওখানেই থাকবে রথ। এরপর ১৫ জুলাই সেখান থেকেই শুরু হবে উল্টোরথযাত্রা। একই পথ ধরে মিন্টো পার্কের ইসকন মন্দিরে ফিরবে রথ।









