
হাওড়ার ডোমজুড়ে চোর সন্দেহে একই পরিবারের তিনজনকে মারধর করে এক মহিলার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক পরিবারের বিরুদ্ধে।
এই ঘটনায় ৭জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে জামিনঅযোগ্য ধারায় মামলা করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাওড়ার ডোমজুড় থানার অন্তর্গত কোরোলা এলাকায় চুরির অভিযোগে একই পরিবারের তিন জনকে আটকে রেখে মারধর করে মহিলার চুল কেটে নেওয়ারও অভিযোগ উঠেছে। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ। ভাইরাল ভিডিয়োটিতে দেখা গিয়েছে, একই পরিবারের তিন জনকে পাশাপাশি বসিয়ে রাখা হয়েছে। বড় কাঁচি দিয়ে মহিলার চুল কেটে দেওয়া হচ্ছে। কেউ প্রতিবাদ করছেন না। অসহায় হয়ে বসে রয়েছেন মহিলা এবং তাঁর স্বামী। পাশেই রয়েছেন তাঁদের পুত্রও। এর পরেই স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। এই ঘটনায় আবুল হাসান লস্কর, ঈশা লস্কর, শ্যাম লস্কর, মোক্তার আলি, আরবাজ লস্কর, মেহবুল্লা মিদ্যে ও শাহরুখ লস্কর সহ ৭জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় সোচ্চার হয়েছে বঙ্গ বিজেপি। এক্সপোস্টে তাঁদের অভিযোগ, বাংলায় নতুন শাসন ব্যবস্থা হল ক্যাঙ্গারু কোর্ট এবং শরিয়া আইন। নতুন ফৌজদারি আইন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্যা রয়েছে। কিন্তু তাঁর মনে রাখা উচিৎ, দ্রৌপদীর চুল স্পর্শ করার পর কৌরবরা বাঁচেনি।
