
চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। পুলিশ সূত্রে খবর, মৃত যুবক ক্যানিং তাঁতকলের বাসিন্দা বছর ২৯-র অভিজিৎ দাস।
জানা গিয়েছে, রবিবার রাতে ওই যুবককে ইলেকট্রিক পোস্টে বেঁধে বেধড়ক পেটানো হয় বলে অভিযোগ। ঘটনায় গুরুতর জখম অবস্থায় তাঁকে অন্যত্র ফেলে দিয়ে আসা হয়। এরপরই ক্যানিং মুড়ি পট্টি এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে পুলিশ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন মৃতের পরিবার। তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে জমি সংক্রান্ত বিবাদের জেরে মহিলাকে খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে বিষ্ণুপুর থানার তপনা গ্রামে। জানা গিয়েছে, সোমবার বিকালে বাড়ির পাশেই বাঁশ বাগানে কাজ করছিলেন চন্দ্রাবতী নস্কর নামে ওই মহিলা তখনই প্রতিবেশী রতন নস্কর পিছন দিক থেকে কুড়ুল দিয়ে কোপ মারলে ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই মহিলা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিষ্ণুপুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।




